আবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়ায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। গত মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে এ দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মোনাজাত ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
আশুলিয়া বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের উপস্থিতিতে থানা যুবলীগরে আহ্বায়ক মো. কবির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম-আহ্বায়ক মো. মইনুল ইসলাম ভূঁইয়া।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম (সাভার সার্কেল), ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ আশুলিয়া থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ।
অন্যদিকে, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. মেহেদী মাসুদ মঞ্জুর-এর তত্ত্বাবধানে জিরাবো উচ্চ-বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ও জিরানী গোহাইলবাড়ী এলাকার আল-ক্বলম প্রিপারেটরী মডেল একাডেমীতে বঙ্গবন্ধু’র জীবন কাহিনী সম্পর্কিত বিষয়ে বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

