স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে বিদেশি লিগেও দাপিয়ে খেলেছেন মোহাম্মদ আমির। ইংলিশ কাউন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য কয়েকদিন আগে ‘প্লেয়ার অব দ্য উইক’ নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার কাউন্টিতে ধারাবাহিকভাবে সেরাটা ধরে রাখার জন্য ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন পাকিস্তানি এ প্রতিভাবান পেসার।
চলমান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের শুরু থেকেই নিজের সেরাটা জানান দিতে থাকেন আমির। কয়েকদিন আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ম্যাচে ক্যারিয়ার সেরা ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন আমির। মাস জুড়ে তার এমন আগুণে পারফরম্যান্স বিবেচনা করে তাকে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়।
মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনুভূতি ব্যক্ত করে আমির জানান, ‘প্লেয়ার অব দ্য উইকের পর প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়ায় আলহামদুলিল্লাহ। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই। তবে এজন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা প্রয়োজন।’
কাউন্টিতে শেষ কয়েকটি ইনিংসে আমিরের বোলিং স্পিল হচ্ছে ২-১৮, ২-২৫, ৫-১৮ এবং ৫-২৪। কাউন্টিতে চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ম্যাচে এসেক্সের হয়ে খেলতে নেমে ইয়র্কশায়ারের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১০ উইকেট নেন পাকিস্তানের তরুণ এ বিধ্বংসী পেসার।

