স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচ খেলতে নেমেই আলো ছড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন তারকা রোমেলু লুকাকু। বেলজিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে ওয়েস্টহামকে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে হোসে মরিনহোর দল।
বাংলাদেশ সময় রোববার রাতে ঘরের মাঠে ইউনাইটেড জিতেছে ৪-০ গোলে। অন্য দুই গোল করেছেন অ্যান্থনি মার্শাল ও পল পগবা।
ম্যাচের ৩৩ মিনিটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন লুকাকু। ৫৩ মিনিটে হেডে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই মৌসুমেই ৭৫ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে আসা বেলজিয়ান স্ট্রাইকার।
বাকি দুইটা গোল হয়েছে ম্যাচের শেষ দিকে। ৮৭ মিনিটে তৃতীয় গোলটা করেন মার্শাল। আর ৯০ মিনিটে স্কোরলাইন ৪-০ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন পগবা।

