নিজস্ব প্রতিবেদক : দুর্ঘটনামুক্ত সড়কের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও প্রখ্যাত সাংবাদিক মিশুক মুনীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। অন্যান্যের মধ্যে জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল, সেকেন্দার হায়াৎ, পূষ্পেন রায় ও জসি সিকদার সমাবেশে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে আশীষ কুমার দে বলেন, সাধারণ মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায় এবং এই দায়িত্ব রাষ্ট্র তথা সরকারের। তারেক মাসুদ ও মিশুক মুনীরের মর্মান্তিক মৃত্যুর পর দেশব্যাপী এই দাবি আরো জোরালো হয়েছিল। কিন্তু প্রতিদিন যেভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, তাতে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে।
আশীষ কুমার দে বলেন, দুর্ঘটনা হ্রাসসহ একটি পরিবেশসম্মত জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হলে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে জাতীয় সংলাপ ডাকার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও প্রখ্যাত সাংবাদিক আশফাক মুনীরসহ (মিশুক মুনীর) পাঁচজন নিহত এবং আরো কয়েকজন আহত হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মানিকগঞ্জের একটি আদালত গত মার্চে ঘাতক বাসটির চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

