স্পোর্টস ডেস্ক : গেল কয়েক বছর ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালিন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সব চেষ্টাই করেছেন শাহরিয়ার খান। কিন্তু সফল হননি। তাই বিদায় বেলায় তিনি জানিয়েছেন তার তিন বছরের মেয়াদের সবচেয়ে বড় ব্যর্থতা ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে না পারাটা।
তার এমন কথা শুনে ভারতের উপর চটেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি পাকিস্তানকে আহব্বান জানিয়েছেন আইসিসির সকল আসরে ভারতকে বয়কট করার। ভারতের সঙ্গে আইনিভাবে লড়াই করা।
মিয়াঁদাদ বলেন, ‘সময় এসেছে পাথর ছোড়ার জবাব ইট ছুড়ে দেওয়ার। ভারত যদি আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি না হয়, তাহলে তাদের বিপক্ষে আর কোথাও আমাদের খেলা উচিত হবে না। আইসিসির যেকোনো আসরেই তাদেরকে আমাদের বয়কট করা উচিত। যদি আইসিসির কর্মকর্তারা ভারতকে বোঝাতে সক্ষম না হন এবং ভারত যদি তাদের অবস্থানের কোনো পরিবর্তন না করে তাহলে তাদের বিপক্ষে আমরা কেন আইসিসির আসরগুলোতে খেলব?’
এরপর তিনি বিসিসিআইয়ের বিপক্ষে আইনিভাবে লড়াই করার কথা জানান, ‘তাদের বিপক্ষে আইনিভাবে আমাদের লড়াই করা উচিত। তাতে যদি আমরা ১০০ কোটি রূপিও পাই সেটা আমাদের ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা যাবে। আমাদের অবকাঠামোগত উন্নয়ন করা যাবে। আমাদের কথা কেউ শুনবে না। কারণ, আইসিসিতে ভারত খুবই প্রভাবশালী। তাদের সঙ্গে কথা বলাটা আমি মনে করি সময় ও অর্থের অপচয়। তাদের বিপক্ষে আমাদের এখন আইনি লড়াই করা উচিত।’

