আন্তর্জাতিক ডেস্ক : উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে বিজেপির কাছে হেরে পরাজয়ের ষোলকলা পূরণ করল কংগ্রেস। বিজেপিসমর্থিত প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার কাছে ব্যাপক ব্যবধানে পরাজিত হয়েছেন কংগ্রেসী সমর্থনের প্রার্থী গোপাল কৃষ্ণ।
ভারতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদ দুটি অরাজনৈতিক। যদিও তা শুধু খাতাকলমে। সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের পছন্দ এবং সমর্থনেই রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এ দুই পদে নির্বাচনে প্রার্থী হতে সরকারি পদ থাকলে তা থেকে অব্যাহতি দিতে হয়। ভেঙ্কাইয়া নাইডু মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি পদত্যাগ করে নির্বাচন করে উপরাষ্ট্রপতি হয়েছেন।
ভেঙ্কাইয়া নাইডু কেন, এখানে যদি অখ্যাত কোনো নেতাকেও প্রার্থী করত বিজেপি ও তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট, তাহলেও তিনি জিততেন- চোখ বুঝে। কংগ্রেসের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। লোকসভা ও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি। অধিকাংশ বিধানসভায় বিজেপির সরকার। ফলে উপরাষ্ট্রপতি নির্বাচনে যেকোনো হিসাবে বিজেপির সমর্থিত প্রার্থীর জয় ছিল সময়ের ব্যাপার। হয়েছেও তাই। যেমনটি হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনেও। বিজেপির সমর্থনে জাতীয় রাজনীতির আলোচনার বাইরে থাকা রাম নাথ কোবিন্দ হয়েছেন রাষ্ট্রপতি। আর এর মধ্য দিয়ে এই প্রথমবার ক্ষমতার বহু দূরে ছিটকে গেল নেহেরু-ইন্দিরা-সোনিয়া-রাহুলের কংগ্রেস।
সরকারের আর কোনো শীর্ষ পদে কংগ্রেস ও তাদের নেতৃত্বাধীন ইউপিএ জোটের কেউ রইলেন না। একে একে বিজেপি ও তাদের নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে সব হারিয়েছে তারা। অথচ এই কংগ্রেসই প্রায় অর্ধশতাব্দী শাসন করেছে ভারত। আজ তারা অস্তিত্বের হুমকিতে। সর্বভারতীয় চরিত্র হারিয়ে কংগ্রেস এখন গুচ্ছ গুচ্ছ পরগাছা। তাও ছেঁটে ফেলতে খেয়ে না খেয়ে কসরত করে যাচ্ছে বিজেপি ও তাদের হিন্দু জাতীয়তাবাদের আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।
ম্যাজিকম্যান হিসেবে জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে আসা গুজরাটের নরেন্দ্র মোদির জনপ্রিয়তা এখন তুঙ্গে। আরএসএসের সেবক হওয়ায় মোদির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার যে কাদা লেপনের চেষ্টা করেছিল কংগ্রেস, তা কিন্তু ধোপে টেকেনি। ২০১৪ সালে তার নেতৃত্বে জাতীয় নির্বাচনে (লোকসভা) বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। যা বিজেপির ইতিহাসে একবারই হয়েছে। এরপর কংগ্রেসের কাছ থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা কেড়ে নিয়েছে মোদিবাহিনী। দক্ষতার সঙ্গে সময়োপযোগী ইশতেহার দিয়ে ভারতীয়দের নজর কেড়েছে তারা।

