স্পোর্টস ডেস্ক : এক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদ কতটা অসহায় প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে তা ভালোভাবেই টের পেয়েছে দলটির ভক্তরা। যুক্তরাষ্ট্রে রোনালদোকে ছাড়া মাঠে নেমে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষেও এল ক্লাসিকোর ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ।
তবে প্রস্তুতি ম্যাচে হারলেও নতুন মৌসুমটি দুর্দান্তভাবে শুরু করতে চাইছে গত মৌসুমের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদ। আর তাই কনফেডারেশনস কাপের অবসরের পর রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন দলটির সবচেয়ে বড় তারকা রোনালদো।
যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে ভালদেবেবাসে অনুশীলন করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হোসে মরিনহোর ম্যানইউর বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ বলে হয়তো মঙ্গলবার মেসিডোনিয়ার স্কবজিতে ওই ম্যাচে ছেড়ে কথা বলতে চাইবে না রিয়াল। জয় তুলে নিতে রোনালদো-বেল-বেনজেমাদের মতো দলের সেরাদের ব্যবহার করতে চাইবেন দলটির কোচ জিনেদিন জিদান। আর ওই ম্যাচকে কেন্দ্র করেই অবসর ভেঙে আবারও অনুশীলনে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

