ঢাকাSaturday , 5 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিজড়া জনগোষ্ঠী সমাজের অন্যতম একটি অংশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। শনিবার রাজধানীর সমাজসেবা অধিদপ্তরে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নবিষয়ক কর্মশালা-২০১৭’ এর উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, হিজড়া জনগোষ্ঠী সমাজের অন্যতম একটি অংশ। সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তা ছাড়া বর্তমান সরকার হিজড়াদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতিও দিয়েছে।
নুরুজ্জামান আহমেদ বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন। হিজড়াদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজও করে যাচ্ছি।
কর্মশালায় হিজড়াদের নিয়ে কাজ করা সংগঠন ‘সম্পর্কের নয়া সেতু’র সভাপতি জয়া শিকদার বলেন, বর্তমান সরকার হিজড়াদের নিয়ে অনেক কাজ করছে এটা সত্যি কথা, কিন্তু সরকার হিজড়াদের সমস্যার মূলে এখনো যেতে পারেনি। সমাজে অবহেলিত এই জনগোষ্ঠীর সদস্যরা কী চায় তা এখনো জানতে পারেনি। তাই সরকারকে বলব হিজড়াদের মাঝে গিয়ে আগে তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করুন।
তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোতে হিজড়াদের জীবনমান উন্নয়নে কী ধরনের কার্যক্রম চলছে, তা আমাদের গিয়ে জানা দরকার। তাহলে আমরা এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারব এবং দেশে হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করতে পারব।
কর্মশালায় বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নূরুল কবীর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুপন কান্তি শীল প্রমুখ।