নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে উর্দুভাষীদের চারটি ক্যাম্পের ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছে উর্দুভাষী বাংলাদেশিরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’ আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি রাজধানীর চারটি উর্দুভাষী ক্যাম্পে বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের নামে ভাঙচুর চালানো হয়। এই অভিযানে উর্দুভাষীদের দুই শতাধিক বাড়িঘর পুর্নবাসন ছাড়া ভেঙে ফেলা হয়। এরপর থেকে ক্ষতিগ্রস্ত উর্দুভাষীরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের দাবি জানান।
দাবি না মানলে আগামী ৯ আগস্ট জাতিসংঘ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে মানববন্ধনে জানানো হয়।
উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খাঁন সাক্কুর নেতৃত্বে মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক শহিদ আলী বাবলু, সহসভাপতি ম. হায়দার, আব্দুর রশিদ খান বিরেন, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

