স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নতুন চুক্তির বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছিল। তবে গত এক মাস ধরে চলা বোর্ড ও খেলোয়াড়দের সংগঠনের এ দ্বন্দের অবসান হয়েছে। আজ সকালে উভয় পক্ষের আলোচনায় সমঝোতায় পৌঁছায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরও এখন অনেকটাই নিশ্চিত।
বাংলাদেশে সফর নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছিলেনে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের অবসান হলেই সফরে আসবেন তারা। এখন এ নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আর কোনো বাধা রইল না।
সমঝোতায় পৌঁছতে আজ সকালে মেলবোর্নে মুখোমুখি আলোচনায় বসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেটে অ্যাসোসিয়েশনের মুখপাত্র অ্যালিস্টার নিকোলসন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এ ব্যাপারে এখনও বিবৃতি দেয়নি। তবে আশা করা হচ্ছে নতুন চুক্তির বিস্তারিত বিবরণ এবং আগামী পাঁচ বছরের সমঝোতা স্মারক আজ দুপুরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জানাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
২০০৬ সালের পর টেস্ট খেলতে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া দল। ২০১৫ সালে টেস্ট সিরিজের জন্য আসার কথা থাকলেও নিরাপত্তার অযুহাত দেখিয়ে শেষপর্যন্ত আসেনি তারা। বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। তবে সম্প্রতি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলার অবসানের পর আবারও বরফ গলা শুরু হয়েছে।
সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার।

