ক্রীড়া ডেস্ক : এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিক্স শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শুরু হয়েছে। দুই দিনব্যাপি এ প্রতিযোগিতা উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও পৃষ্ঠপোষক এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।
অ্যাথলেটদের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয় সকালে পুরুষদের ১৫০০ মিটার দৌড় দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ আল-আমিন ৪ মিনিট ০৪.৯০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। রৌপ্য জিতেছেন বিজিবির খন্দকার কিবরিয়া ৪ মিনিট ০৬.৪০ সেকেন্ডে দৌড়িয়ে। ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর কামরুল হাসান। তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ১৫.৩০ সেকেন্ড।
এ ইভেন্টের মহিলা বিভাগের স্বর্ণও গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ঝুলিতে। সুমি আক্তার ৫ মিনিট ৩০.২০ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন স্বর্ণ, একই দলের পাপিয়া খাতুন রৌপ্য জিতেছেন ৫ মিনিট ৩০.৪০ সেকেন্ড সময় নিয়ে। বাংলাদেশ নৌবাহিনীর মিরোনা আক্তার ব্রোঞ্জ পেয়েছেন ৫ মিনিট ৩৪.১০ সেকেন্ড সময় নিয়ে।
মেয়েদের দীর্ঘ লম্ফে বাংলাদেশ নৌবাহিনীর আইরিন আক্তার ৫.৪৭ মিটার লাফিয়ে স্বর্ণ, সেনাবাহিনীর শাজনীন রহমান বর্ষা ৫.৩১ মিটার লাফিয়ে রৌপ্য এবং একই দলের নুরজাহান খানম ৫.০১ মিটার লাফিয়ে জিতেছেন ব্রোঞ্জ।
পুরুষদের উচ্চ লম্ফে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর এম সজিব হোসেন। তিনি লাফিয়েছেন ১.৯৫ মিটার। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন একই সংস্থার মাহফুজুর রহমান ১.৯০ মিটার লাফিয়ে। ব্রোঞ্জ পেয়েছেন বিজেএমসির আরিফুজ্জামান রাজু ১.৯০ মিটার লাফিয়ে।
মহিলাদের শটপুটে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের শ্রাবনী মল্লিক (১০.৯৬ মিটার), রৌপ্য জিতেছেন নৌবাহিনীর জাফরিন আক্তার (৯.৭৭ মিটার) এবং ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর তাহমিনা আক্তার লোপা (৯.৭৪ মিটার)।
ম্যারাথনে স্বর্ণ জিতেছেন সেনা বাহিনীর মো. নুরুজ্জামান (২ ঘন্টা ৩৫.৫০ মিনিট), একই দলের ফিরোজ খান রৌপ্য (২ ঘন্টা ৪৪.৫৮ মিনিট) এবং ব্রোঞ্জ একই সংস্থার মো. আনারুল ইসলাম (২ ঘন্টা ৪৭.০৫ মিনিট)।

