ঢাকাThursday , 20 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী রামনাথ কোবিন্দ নতুন রাষ্ট্রপতি হচ্ছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পার্লামেন্ট হাউস ও ১১টি রাজ্যের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ তথ্য জানায়। গত সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা অনুপ মিশরা জানান, কোবিন্দ মোট ৪ লাখ ৭৯ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন। যা মোট ভোটের ৬৫ শতাংশ। আর কোবিন্দের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী মীরা কুমার পেয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৯৪ ভোট।
এর মধ্যদিয়ে ভারতের ১৪তম রাষ্ট্রপতি হচ্ছেন রামনাথ কোবিন্দ। এদিকে, আনুষ্ঠানিক ঘোষণার আগেই উত্তর প্রদেশের কানপুরের পারাউখে কোবিন্দের বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। রামনাথ কোবিন্দ আগামী ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ভিন্ন ও জটিল প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে। লোকসভা ও রাজ্যসভার প্রতিটি সদস্যের ভোটের মূল্য ৭০৮ ধরা হয়। আবার রাজ্য বিধানসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই রাজ্যের বিধানসভার মোট আসন ও জনসংখ্যার নিরিখে।
সেই নিরিখে উত্তর প্রদেশের বিধায়কদের ভোট মূল্য সবচেয়ে বেশি, ২০৮। আর সবচেয়ে কম সিকিম ও অরুণাচল প্রদেশের বিধায়কদের ভোটের মূল্য মাত্র ৮। সব ভোটদাতার ভোট ধরলে এবারের নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ৯৮ হাজার ৯০৩। এর মধ্যে সাংসদদের ভোট মূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪০৮, বিধায়কদের ৫ লাখ ৪৯ হাজার ৪৯৫।
এবারের ভোটে অংশ নেন লোকসভার ৫৪৩ ও রাজ্যসভার ২৩৩ জন সদস্য এবং দেশের মোট ২৯টি রাজ্য এবং দিল্লি ও পদুচেরি দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪ হাজার ১২০ জন বিধায়ক। এবারের নির্বাচনে সবুজ ব্যালটে ভোট দেন সাংসদরা। বিধায়কেরা দেন গোলাপি ব্যালটে। রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যরা এই ভোটে অংশ নিতে পারেন না।
দলিত সম্প্রদায়ের রামনাথ একজন কৃষকের সন্তান। উত্তর প্রদেশের কানপুর দেহাতে ১৯৪৫ সালে তার জন্ম। কানপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাণিজ্য ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশায় আইনজীবী রামনাথ ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী ছিলেন। ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৩ সালের আগে পর্যন্ত তিনি দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ১৬ বছর ওকলাতি করেন।
২০১৫ সালের ৮ আগস্ট বিহারের রাজ্যপাল নিযুক্ত হন রামনাথ। ১৯৯৪ সালের এপ্রিলে এই দলিত নেতা উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হন। ২০০৬ সালের আগ পর্যন্ত দুই মেয়াদে ১২ বছর তিনি ওই দায়িত্ব পালন করেন।
রামনাথ দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা বিজেপির ইউনিট ‘বিজেপি দলিত মোর্চা’র সাবেক প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ওই পদের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অল ইন্ডিয়া সমাজের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব পালন করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের শীর্ষ সহযোগী হিসেবেও কাজ করেছেন রামনাথ। তিনি জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ২০০২ সালের অক্টোবরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন।
রামনাথ লক্ষ্ণৌয়ের আমবেদকার বিশ্ববিদ্যালয় ও কলকাতার অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।