নি
জস্ব প্রতিবেদক : অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য বেতনের ১০ শতাংশ কর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। বুধবার এ উদ্দেশে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তনের বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে শিক্ষক সমাজ বিভ্রান্ত ও ক্ষুব্ধ।
তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি অবিলম্বে মানা না হলে হতাশ ও বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা অবিরাম কর্মবিরতি ও আমরণ অনশনে যেতে বাধ্য হবেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মাদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মাদ তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা প্রমুখ।

