নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের মাঝপথের ওঠা-নামার সিঁড়ির প্রবেশমুখ মঙ্গলবার বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত সিঁড়িগুলো অপসারণের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী আজ তা অপসারণ করা হলো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ মঙ্গলবার দুপুরের দিকে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সায়েদাবাদ ও যাত্রাবাড়ী পয়েন্টের সিঁড়ি বন্ধ করে দেন।যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওঠার জন্য এতদিন ছয় থেকে সাতটি সিঁড়ি ও বাসস্টেশন ছিল। এসব স্টেশনে বাস ও লেগুনা থামিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। গত তিন থেকে চার মাসে ফ্লাইওভারের ওপরে ১০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া বাসস্টেশন থাকার কারণে প্রায়ই সেখানে যানজট লেগে থাকে। গত ১৯ ফেব্রুয়ারি হানিফ ফ্লাইওভারে ওঠার জন্য এসব সিঁড়ি ও বাসস্টপেজ অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল নামের এক আইনজীবী।
গত ৩১ মে দুই সপ্তাহের মধ্যে সিঁড়ি অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। সড়ক ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও হানিফ ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
পরে এর বিরুদ্ধে লিভ টু আপিল করে ওরিয়ন গ্রুপ। গত সোমবার তা খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ ফ্লাইওভার থেকে সব সিঁড়ি অপসারণের নির্দেশ বহাল রাখে।

