বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী জুয়েল-কনা দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ‘গার্ডেন গার্ডেন’ শিরোনামের গানে। ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এ গানের মিউজিক ভিডিও।
‘দেখলে তোমায় মনটা আমার/ গার্ডেন গার্ডেন হয়ে যায়’ এমন কথার গানটি রচনা, সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক। সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের পুবাইলের বাড়ি ‘জান্নাত’-এ গানটির মিউজিক ভিডিওর দৃশ্যায়ন করা হয়।
পাঁচ মিনিট দৈর্ঘ্যের মিউজিক ভিডিওটি বড় পরিসরে ধারণ করা হয়েছে। বিয়ে বাড়ির সেট নির্মাণ করে গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে এবং বিদায়ের দৃশ্যধারনের গল্প নিয়ে সাজানো হয়েছে মিউজিক ভিডিওটি।
গান গাওয়ার পাশাপাশি ভিডিওতে নেচেছেনও জুয়েল মোর্শেদ এবং কনা। শুধু তাই নয় ভিডিওতে কোমর দুলিয়েছেন লাক্স তারকা সানু, অভিনেত্রী শারমিন শীলা, চিত্রনায়িকা শাবনূরের বোন মৌ, সংগীতশিল্পী পূজা, তানজীব সারোয়ারসহ আরো অনেকে। এছাড়াও জুয়েল মোর্শেদের স্ত্রী লাভলীও গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। মিউজিক ভিভিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
এ প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, ‘‘গার্ডেন গার্ডেন’ উৎসবের গান। প্রেমের গান। মজার গান। তাই এই গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে উৎসব, প্রেম আর মজার গল্প নিয়ে। যা দর্শক-শ্রোতাদের পরিপূর্ণ বিনোদন দিবে বলে আমার বিশ্বাস।’’

