সিলেট সংবাদদাতা : পাহাড়ি ঢলে সিলেট জেলার ছয় উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যায় প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানি দিনদিন বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করছে। বর্তমানে এ সব উপজেলার প্রায় ৬০ ভাগ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকার লোকজন গরু-বাছুর, হাঁস, মুরগি নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
এ ছাড়া বেশিরভাগ বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন স্থান তলিয়ে গেছে। বন্যায় শত শত একর মাছের খামার পানিতে ভেসে গেছে। বন্যায় উপজেলার প্রায় সব সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী জানান, ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা বৃষ্টির কারণে বরাক নদীতে পানি বেড়ে যাওয়ায় বরাকের শাখা নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, ওসমানীনগর ও জকিগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

