লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গরু পাচারকারী ধরতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য সুমন মিয়ার লাশ করা হয়েছে। ভারতের অভ্যন্তরে বুধবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন
তিনি জানান, নিখোঁজের স্থান থেকে প্রায় সাড়ে ৪ কি.মি. দূরে ভারতের অভ্যন্তর থেকে সুমনের লাশ উদ্ধার করেছে বিএসএফের ১৩ ব্যাটালিয়নের সদস্যরা।
তিনি আরো জানান, দুপুরের পর দু’দেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লাশ হস্তান্তর করবে বিএসএফ।
গত সোমবার গভীর রাতে দহগ্রাম ক্যাম্পের ল্যান্সনায়েক সুমন মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল গরু পাচারকারীদের ধরতে তিস্তা নদীর চরে অভিযান চালায়। এসময় আবুলের চর ৬/৩ এস সীমানা পিলার এলাকায় নদীতে নিখোঁজ হন সুমন।
সুমন মিয়াকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ও বুধবার সকাল ৮টা থেকে বিজিবি, বিএসএফ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফের সহযোগিতা চাওয়া হলে তাদের একটি দল তিস্তায় স্পিডবোটের সাহায্যে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।
সুমন মিয়া রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। কিন্তু তিনি লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন।

