নিজস্ব প্রতিবেদক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। এরপর সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় আরো দুটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান আর তৃতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম ইমামতি করেন।
চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহর ইমামতি করার কথা রয়েছে।
প্রথম জামাতে ঈদের নামাজ আদায়ে শরিক হতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসেন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পর কোলাকুলি করে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সৌহার্দ্য ও সম্প্রীতির এক আবহ সৃষ্টি হয়।
বায়তুল মোকাররমে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্বগেটসহ চার দিকে র্যাব ও পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

