বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী মিনার রহমান। ঈদুল ফিতর উপলক্ষে ‘আলো নেই আলোতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর করেছেন নাবিদ সালেহীন নিলয়।
এ প্রসঙ্গে মিনার বলেন, ‘এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক সেট গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ঈদ আনন্দে ভিন্নমাত্রা যোগ করবে। এছাড়া আগামী কোরবানি ঈদকে সামনে রেখে গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা করছি।’
সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসবে গানটি। খুব শিগগির জিপি মিউজিকের এক্সক্লুসিভ অ্যাপে শোনা যাবে গানটি।
মিনার রহমান শুধু সংগীতশিল্পী নন তিনি একাধারে গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট। ‘ডানপিটে’, ‘আড়ি’, ‘আহারে’ শিরোনামে তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে মিনারের। এছাড়া বেশ কিছু মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি।

