স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে থাকাকালীন তিনি ছিলেন শ্রীলঙ্কা দলের ব্যাটিং মহীরুহ। সাঙ্গাকারা-জয়াবর্ধনে ছাড়া বর্তমান লঙ্কান টিম কতটা দুর্বল সেটা তাদের বর্তমান পারফরম্যান্সে স্পষ্ট। তবে ২০১৫ সালে জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাবের হয়ে ব্যাট হাতে এখনো নিজের সেরাটা জানান দিয়ে চলছেন সাঙ্গাকারা।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে আবারও সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। সারের কোয়ার্টার ফাইনালের ম্যাচে শত রানের ইনিংসে খেলেন লঙ্কান এ ব্যাটিং কিংবদন্তী। আর এ সেঞ্চুরির মধ্য দিয়ে ঘরোয়া ক্রিকেট প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ তে (ওয়ানডে) শততম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সারের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা সাঙ্গাকারার ৩৯তম সেঞ্চুরি।
মঙ্গলবার হেডেংলিতে ইয়র্কশায়ারের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান সাঙ্গাকারা। ব্যাট হাতে সারের হয়ে ১২১ রানের ইনিংস খেলেন তিনি। কাউন্টিতে এটা এই মৌসুমে তার সপ্তম সেঞ্চুরি। ইয়র্কশায়ারের বিপক্ষে ২৪ রানে জয় পায় সারে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সাঙ্গাকারার সেঞ্চুরি রয়েছে ৬১টি। মঙ্গলবার লিস্ট ‘এ’তে ৩৯তম সেঞ্চুরি করে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছেন তিনি। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১৪২, ডন ব্র্যাডম্যানের ১১৭ এবং ডব্লিউ জি গ্রেসের ১২৪টি সেঞ্চুরি রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ১৯৯টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের গ্রেট স্যার জ্যাক হোবস।

