বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী পাওলি দাম। যে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে বরাবরই নিজেকে সঁপে দেন এই অভিনেত্রী। এবার ‘অরণি’ নামের একটি মেয়ের চরিত্রে দেখা যাবে পাওলিকে।
সর্বাণী মুখার্জির ‘কামড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অরণি তখন’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন সৌরভ চক্রবর্তী। সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন পাওলি। আর প্রধান দুই পুরুষ চরিত্রে অভিনয় করছেন প্রতীক বব্বর ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
সম্প্রতি তার অরণি চরিত্রটি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পাওলি। এই চরিত্র প্রসঙ্গে পাওলি বলেন, ‘রুনা রেজা থেকে অরণির যে ট্রান্সফরমেশন তা থেকে অদ্ভুত একটা শক্তি পেয়েছি। প্রেমের উপর আমার বিশ্বাস ছিলই। পিওর লাভ, ব্লাইন্ড লাভ, আনকন্ডিশনাল বা সেলফলেস লাভের ওপর বরাবরই বিশ্বাস ছিল। সেই বিশ্বাসটা আরো গাঢ় হয়ে গেল। প্রেম, ভালোবাসা ও বন্ধুত্ব- এই তিনটি জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অরণি চরিত্র করতে গিয়ে সেই বিশ্বাসটা আরো গাঢ় হয়েছে।’
কিছুদিন আগে প্রকাশ পেয়েছে এ সিনেমার ট্রেইলার। ট্রেইলার প্রকাশের পর বেশ প্রশংসা কুড়িয়েছে এটি। আগামী ৯ জুন মুক্তি পাবে সিনেমাটি।

