স্পোর্টস ডেস্ক : ইস! আর মাত্র ১৬ রান। এ রানটুকু পেলে স্যার ডন ব্র্যাডম্যান, মাইক পোক্টর ও চার্লস বার্জেস ফ্রাইকে ছুঁয়ে ফেলতেন কুমার সাঙ্গাকারা।
প্রাক্তন তিন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ছয় ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছিলেন। কুমার সাঙ্গাকারা পাঁচ সেঞ্চুরি নিয়ে তাদের পিছনেই ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলার ঠিক আগে শ্রীলঙ্কান গ্রেটের সুযোগ ছিল কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখানোর। পরিকল্পনা মতো সে পথেই হাঁটছিলেন সাঙ্গাকারা। কিন্তু আগের পাঁচ ইনিংসে সেঞ্চুরি করা সাঙ্গাকারা কাল ষষ্ঠ ইনিংসে আউট হয়েছেন ৮৪ রানে!
সারের হয়ে এসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে হাল ধরেন বাঁহাতি এ ব্যাটসম্যান। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। নবম ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারা টম ওয়েস্টলিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেন সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে। ১০৭ বলে ১২ বাউন্ডারিতে ইনিংসটিকে সাজান তিনি।
সতীর্থরা একটু সঙ্গ দিলে নিশ্চিতভাবেই মাইলস্টোনে পৌঁছাতে পারতেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া সেঞ্চুরি রেকর্ডও মিস সাঙ্গাকারার। ক্রিকেট ইতিহাসের মাত্র দুজন ব্যাটসম্যান টানা দুই ম্যাচে জোড়া সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তারা হলেন টম হাওয়ার্ড ও ডেডিড হুকস। ১৬ রান পেলে একটি নয় দুটি রেকর্ডে নিজের নাম লিখাতে পারতেন শ্রীলঙ্কান গ্রেট। সাঙ্গাকারাসহ টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি আছে ব্রায়ান লারা, স্যার এভারটন উইকস, মাইক হাসি ও পার্থিব প্যাটেলের।

