
পি এ কাজল
বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনির্মাতা পি এ কাজল। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছেন তিনি। গত ৬ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ছেলে। এ প্রসঙ্গে তার ছেলে বলেন, ‘বাবার অবস্থা খুব ভালো না। উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’
খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন। পি এ কাজলের এ নামটি তার মা রেখেছেন বিখ্যাত চলচ্চিত্র ‘অপুর সংসার’ থেকে অনুপ্রাণিত হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফিল্ম আর্কাইভের ওপর কোর্স করেন কাজল। তারপর চাষী নজরুল ইসলামের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর নির্মাণ করেন ‘গোধুলী’ শিরোনামের একটি সিনেমা। এ সিনেমাই তার ঘরে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর পর নির্মাণ করেন ‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণ দুশমন’, ‘ভালোবাসা আজকাল’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র।
তার নির্মিত সর্বশেষ ‘চোখের দেখা’ সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী অহনা।

