নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরিইউ) সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. শাহেদুল খবির চৌধুরী এ দাবি জানান। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর হামলার বিচার ও নিরাপদে দায়িত্ব পালনের নিশ্চয়তার দাবি জানানো হয়।
শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘গত ১০ এপ্রিল গফরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে কয়েকজন পরীক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করেন এবং এখন তিনি চিকিৎসাধীন। এ ব্যাপারে মামলা করা হলে জড়িতরা গ্রেপ্তার হলেও দুদিন পর জামিনে ছাড়া পান। জামিনে ছাড়া পাওয়ার পর তারা এখন নতুন করে জীবন নাশের হুমকি দিচ্ছে। এ ছাড়া নেত্রকোনা সরকারি কলেজের প্রভাষক ওমর ফারুক পরীক্ষার দায়িত্ব পালন শেষে ওই কলেজেই সন্ত্রাসীদের হামলার শিকার হন। এতে তিনি মাথা ও চোখে মারাত্মক আঘাত পান। এ ছাড়া বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
শিক্ষক হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি আরো বলেন, আগামী ১৬ মে সংগঠনের পক্ষ থেকে প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। এরপরেও যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আগামী ২৫ মে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা সকল পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বিরত থাকবে।
এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার, যুগ্ম মহাসচিব মাসুদা বেগম, দপ্তর সসম্পাদক সৈয়দ মঈনুল হাসান, নির্বাহী কমিটির সদস্য মো. মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

