আন্তর্জাতিক ডেস্ক : রোগীর স্বজনদের হামলা থেকে বাঁচতে ভারতের রাজধানী দিল্লির প্রধান সরকারি হাসপাতালের চিকিৎসকদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ মে থেকে প্রতিদিন বিকেলে চিকিৎসকদের তায়াকান্দো শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসকদের সংগঠনের সভাপতি ড. বিজয় গুরজার।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের এক হাজার ৫০০ চিকিৎসককে হাসপাতালের জিমনেসিয়ামে নিয়মিত তায়াকান্দো প্রশিক্ষণ দেওয়া হবে।
ড. বিজয় গুরজার জানিয়েছেন, চিকিৎসকদের ওপর হামলা ঠেকাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই তারা নিজেদের উদ্যোগে চিকিৎসকদের তায়াকান্দো প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘চিকিৎসা করার চেয়ে প্রতিরক্ষাই উত্তম। যদি সরকার আপনাকে সুরক্ষা না দেয়, তাহলে আপনার নিজের জীবন অথবা গুরুত্বপূর্ণ অঙ্গ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ আপনাকেই নিতে হবে।’
২০১৬ সালে চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যাঞ্চেটের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি হাসপাতালের ৪০ শতাংশ আবাসিক চিকিৎসক ১২ মাসে কর্মস্থলে দৈহিক নিপীড়নের শিকার হয়েছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, কর্মজীবনে ৭৫ শতাংশ চিকিৎসক শারীরিক বা মৌখিক সহিংসতার শিকার হয়। নার্স কিংবা হাসপাতালের অন্যান্য কর্মচারীদের ওপর হামলা হলেও তার সংখ্যা অনেক কম।

