নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশ অনুযায়ী সাড়ে ৫ হাজার অডিটরকে স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি না দিয়ে বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা করায় অডিটর জেনারেলের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে অ্যাডভোকেট তনয় কুমার সাহা এ রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনে পদোন্নতিসংক্রান্ত বিভাগীয় পরীক্ষা বাতিল চাওয়া হয়েছে। রিটে অডিটর জেনারেল, জনপ্রশাসন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামীকাল বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
অ্যাডভোকেট তনয় কুমার সাহা বলেন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তরে কর্মরত প্রায় সাড়ে পাঁচ হাজার অডিটরের স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির দাবি ছিল দীর্ঘদিনের। বৈষম্য এড়াতে প্রায় চার বছর আগে অডিটরদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সে সুপারিশ আমলে না নেওয়ায় হাইকোর্টে রিট করেন অডিটররা।
২০১৬ সালে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট অডিটরদের স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেন। আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।
উচ্চ আদালতের আদেশের পরও অডিটরদের পদোন্নতি না দিয়ে দ্বিতীয় শ্রেণির পদে পদায়নের জন্য বিভাগীয় পরীক্ষার নেওয়ার জন্য ১৭ এপ্রিল নোটিশ দেওয়া হয়। আগামী ৫ মে পরীক্ষার দিন ধার্য রয়েছে। এ অবস্থায় বিভাগীয় পরীক্ষা নেওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আজ হাইকোর্টে রিট করা হয়।

