আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাবাহিনীর রকেট ও মর্টার হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। নিহতদের শিরচ্ছেদ করেছে পাকিস্তান বাহিনী। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য এবং অন্যজন সীমান্ত রক্ষী বাহিনী(বিসিএফ)’র সদস্য। খবর এনডিটিভির।
ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল সাড়ে ৮টায় পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কৃষ্ণগতি এলাকায় টহল দিচ্ছিলেন সেনা ও বিএসএফ জওয়ানরা। এ সময় পাকিস্তানি সেনার সীমান্ত চৌকি থেকে বিএসএফ চৌকিগুলি লক্ষ্য করে রকেট এবং অন্যান্য ভারী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দেয়। এতে ভারতীয় দুজন সেনা নিহত হন।
ভারত এই ঘটনার তীব্র নিন্দা করে একে ‘নক্ক্যারজনক’ বলে উল্লেখ করেছে। এই ঘটনার যোগ্য জবাব দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড।
পাকিস্তানের এই হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। এর আগে ভারতীয় নৌবাহিনীর সদস্য কুলভূষণ যাদবকে ফাঁসির রায় দেয় পাকিস্তান। এতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ১৫ বারেরও বেশি আবেদন করা সত্ত্বেও তার পরিবার বা ভারতীয় প্রতিনিধি দলকে কুলভূষণের সঙ্গে দেখা করতে দেয়নি পাকিস্তান।
নর্দার্ন কমান্ড জানায়, পাকিস্তান সেনাসুলভ আচরণ করেনি। নজরদারির কাজে নিয়োজিত দুই জওয়ানকে হত্যা করে তাদের শিরচ্ছেদ করেছে পাকিস্তানের সেনারা।

