
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য দিচ্ছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, সর্বডানে উপস্থিত সংগঠনের সহ-সভাপতি দৈনিক পাঞ্জেরী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার
নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের নেতৃত্বে ১৭ এপ্রিল সকাল ৮টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় কলাবাগান থেকে ৩২ ধানমন্ডি পর্যন্ত র্যালি এবং র্যালি শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণীয় ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে এই দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়; যা বাঙালি জাতির সবচেয়ে গৌরবদীপ্ত ও মহোত্তম অর্জন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দৈনিক পাঞ্জেরী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, পাঠাগার সম্পাদক মো. কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মো. মাসুদ আলম ও এস.এম আজাদ, সাধারণ সদস্য ড. জাহেদুল ইসলাম সিদ্দিকী, আমিনুল ইসলাম, কবি খাদেমুল ইসলাম, এস.এম ফয়েজ, হুমায়ুন হিমু প্রমুখ।

