চট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকা (চট্টগ্রাম) থেকে একটি ট্রলারসহ ইয়াবার বড় চালান আটক করেছে র্যাব-৭। এ সময় আনোয়ারা-গহীরা এলাকার ইয়াবা পাচারকারী চক্রের প্রধান মোজাহেরসহ ৯ জনকে আটক করা হয়।
রোববার ভোরে র্যাব-৭ এর একটি দল সাগরে অভিযান চালায়। এ সময় প্রায় ২০ লাখ পিস ইয়াবার একটি বড় চালান ও ৯ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে বিকেলে নগরীর পতেঙ্গাস্থ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আজ চট্টগ্রামে অবস্থান করছেন।

