স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আতে এবারও লিগ শিরোপার প্রতিযোগিতায় আধিপত্য দেখাচ্ছে জুভেন্টাস। লিগ ম্যাচে গতকাল গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে পেসারার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে জুভিরা। এ জয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমে শিরোপার আরও কাছে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল জুভেন্টাস। সব শেষ ম্যাচে প্রতিপক্ষের মাঠে জয় নিয়ে ছন্দে থাকার কথা জানান দিল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। তবে পেসারার বিপক্ষে দল জিতলেও ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন পাওলো দিবালা। আগের ম্যাচে তার জোড়া গোলেই বার্সাকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তুরিনোর ক্লাবটি।
এস্তাদিও অ্যাদ্রিয়াটিকো জিওভান্নিতে গতকাল ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলটি করেন হিগুয়েন। বিশ্রামে যাওয়ার আগে ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন এ তারকা। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। সিরি’আতে এ জয়ের ফলে লিগে ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে দ্বিতীয়স্থানে থাকা রোমার পয়েন্ট ৭২।

