স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এবার শিরোপার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে চেলসি। শেষ মুহূর্তে কোনো অঘটন না হলে ব্লুজরাই শিরোপা ঘরে তুলতে পারবে। তবে শিরোপার কথা না বললেও লিগে শেষ চারে থেকে মৌসুম শেষ করার ইচ্ছে রয়েছে ম্যানসিটির। লিগে গতকাল সাউদাম্পটনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে এ জয়ের ফলে ইংলিশ লিগ টেবিলে তিন নম্বর অবস্থানে উঠে এসেছে ম্যানসিটি। গতকাল দলটির জয়ে একটি করে গোল করেন ভিনসেন্ট কোম্পানি, লেরয় সানে ও সার্জিও আগুয়েরো।
সাউদাম্পটনের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যায় সিটি। ডেভিড সিলভার কর্নারে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন কোম্পানি। এরপর ম্যাচের ৭৭ মিনিটে পাল্টা আক্রমণে ওঠা কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল ধরে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন সানে। এর তিন মিনিট পরই সাউদাম্পটনের জালে শেষ গোলটি করেন সার্জিও আগুয়েরো।
ইংলিশ লিগে এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট জমা হয়েছে সিটিজেনদের স্কোরবোর্ডে। ফলে লিভারপুলকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দলটি। ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।আর ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চূড়ায় চেলসি।গতকাল এএফসি বোর্নমাউথকে ৪-০ গোলে হারানো টটেনহাম হটস্পার ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

