স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ফলাফল ২-২। এর এক মিনিট পরই ইস্কোর গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
লা লিগায় শিরোপার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে আজ স্পোর্টিং গিজনের মুখোমুখি হয়েছিল দলটি। কিন্তু নিজেদের চেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাঠেই হোঁচট খেতে বসেছিল রিয়াল। তবে ইস্কোর দুর্দান্ত জোড়া গোলে ভর করে শেষপর্যণ্ত পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয়েছে দলটি।
এস্তাদিও মিউনিসিপ্যাল এল মনিননে ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। এসময় স্বাগতিক খেলোয়াড় ডি কপের দুর্দান্ত এক গোলে রিয়াল সমর্থকদের স্তব্দ করে দেন।
তবে গোলের শোধ দিতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ম্যাচের ১৭ মিনিটেই ইস্কোর গোলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে জিনেদিন জিদানের দল। লুকাস ভাজকুয়েজের পাস থেকে গিজনের জালে বল পাঠান ইস্কো। প্রথমার্ধে আর গোল না হওয়ায় এ ব্যবধানেই বিশ্রামে যায় দু’ল।
বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে মাইকেল ভেসগার গোলে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় গিজন। তবে এর ৯ মিনিট পরই লুইস ডি সিলভার পাস থেকে রিয়ালকে আবারও সমতায় ফেরান আলভারো মোরাতা। ২-২ ব্যবধানের পর শক্তিশালী রিয়ালের বিপক্ষে কিছুটা রক্ষণাত্মক খেলার চেষ্টা করে গিজন। কিন্তু দুর্দান্ত সব আক্রমণে শেষ পর্যণ্ত গিজনের রক্ষণ দেয়াল ভাঙতে সক্ষম হয় রিয়াল।
ম্যাচের ৯০ মিনিটে মার্সেলোর পাস ধরে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে স্বাগতিকদের জালে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ইস্কো। শেষপর্যণ্ত ৩-২ ব্যবেধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এ জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট দাড়িয়েছে ৭৫ এ। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

