বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালের মাঝামাঝি সময় ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। ২০১৫ সালে ‘চিনি বিবি’ শিরোনামের আরো একটি সিনেমার নাম ভূমিকায় তিনি অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন জয় চৌধুরী। এ সিনেমাটি একই বছরের ২৯ এপ্রিল সারাদেশে মুক্তি পায়। এরপর তিনি চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। কয়েকটি সিনেমার শুটিং শেষ করলেও গত দুই বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।
দুই বছর পর মিষ্টি অভিনীত ‘তুই আমার’ শিরোনামের সিনেমাটি আগামী ২১ এপ্রিল সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। সজল আহমেদ পরিচালিত এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে। হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।
সিনেমাটির মুক্তিকে সামনে রেখে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ট্রেইলার। ২ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের এ ট্রেইলারে রোমান্টিক ও কমেডি দৃশ্যই বেশি দেখা গেছে। এ ছাড়া সিনেমাটির ‘মিষ্টিরে তুই’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশিত হওয়ার পর বেশ প্রশংসিত হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানটির সুরকার ও গীতিকার শ্রী প্রিতম।
দেশীয় সিনেমার পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তুই আমার রানী’ শিরোনামের সিনেমা। এ চলচ্চিত্রে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা।
তা ছাড়া মিষ্টি ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। এ ছাড়াও যৌথ প্রযোজনাসহ বেশ কটি সিনেমায় কাজ করার কথা রয়েছে তার।
এ ছাড়া সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে তামিল ও ভোজপুরি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সম্প্রতি থাইল্যান্ডে ‘রংবাজ খিলারী’ শিরোনামের তামিল সিনেমার শুটিং শেষ করেছেন মিষ্টি। সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। এ সিনেমার নৃত্য পরিচালনা করছেন খালিশ। অ্যাকশন পরিচালক খোকন শর্মা।

