কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় মো. ফারুক হোসেন (২৮) নামে এক পত্রিকার হকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফারুক সদর উপজেলার উত্তর জামবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার ভোরে পালপাড়া ব্রিজ এলাকায় তার ক্ষত-বিক্ষত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরে বাড়ি থেকে পত্রিকা বিলি করার জন্য বের হয়েছিল ফারুক।
ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

