সিরাজগঞ্জ প্রতিনিধি : কর্মস্থলে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শংকর কুমার পাল নামে এক কলেজ শিক্ষক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার লালর এলাকার বাসিন্দা চায়না রানী পাল (৪৫) ও তার মেয়ে তুলি রানী পাল (৬)। গুরুতর আহত শংকর কুমার পাল শাহজাদপুর চর সাতবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক এবং নিহত চায়না রানীর স্বামী।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, প্রভাষক শংকর পাল মেয়ে তুলি ও তার স্ত্রী চায়না রানীকে নিয়ে মোটরসাইকেলযোগে নাটোর থেকে কর্মস্থল সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিলেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চায়না রানী ও তার মেয়ে তুলি রানী মারা যায়। এ সময় শংকর কুমার পালও গুরুতর আহত হন। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

