যশোর প্রতিনিধি : যশোরে যৌতুকের দাবিতে খুকুমণি (২২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে শহরের শংকরপুর কবরস্থান মোড়ের বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুকুমণি যশোর শহরের শংকরপুর কবরস্থান মোড়ের হায়দার আলীর ছেলে অন্তরের স্ত্রী।
নিহতের বাবা তারা মোল্লা বলেন, দেড় বছর আগে অন্তরের সঙ্গে খুকুমণির বিয়ে দেন। বিয়ের সময় অন্তরকে নগদ ৫৫ হাজার টাকা ও সোনার গহনাসহ ৩ লাখ টাকার মালামাল যৌতুক দেন। এরপরও অন্তরসহ তার বাবা-মা ব্যবসার জন্য আরো ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। নতুন করে যৌতুক না দেওয়ায় অন্তর প্রায়ই খুকুমণিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নিয়ে সালিশ বৈঠক করে আপস-মীমাংসাও হয়েছে।
যৌতুক না পেয়ে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, খুকুমণির মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে হত্যা না আত্মহত্যা। কোতোয়ালী থানার এসআই কাইয়ুম মুন্সি বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

