খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রাণ-আরএফএলের পণ্য পরিবহনের ট্রাকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ২জন গুরুতর আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের ৭ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আরএফএলের ট্রাকচালক নরসিংদীর ঘোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. কাইয়ুম (৩০) ও তার সহকারী চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়কুমিরা এলাকা তাহির আহমেদের ছেলে মোসলেম উদ্দিন (২২) গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছে। দীঘিনালা সড়কের ৭ মাইল এলাকায় সড়কের ওপর একটি গাছ ফেলে গাড়ির গতি রোধ করে সন্ত্রাসীরা। গাছটি সরাতে ট্রাকচালক কাইয়ুম ও তার সহকারী মোসলেম নামলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে তারা দুজন আহত হন। প্রথমে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতাল ও সামরিক হাসপাতালে পাঠানো হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, মোসলেম উদ্দিন নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদার দাবিতে সম্প্রতি সময়ে প্রাণ-আরএফএল কোম্পানির সঙ্গে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বিরোধ চলছিল। যার জের ধরে গত কয়েক মাস আগেও একই সড়কের ৪ মাইল এলাকায় আরএফএলের ট্রাকে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা।

