গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কৃমিনাশক ওষুধ খেয়ে অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পনা বিশ্বাস জানান, কর্মসূচির দ্বিতীয় দিনে স্কুলের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। এরপর পরই শিক্ষার্থীদের মধ্যে মাথাঘোরা, পেটব্যথা, বমিভাবসহ নানা উপসর্গ দেখা দেয়। এতে ওই স্কুলের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
স্কুলের শিক্ষক ও অভিভাবকরা খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্কুল ছুটি ঘোষণা করা হয়।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ে ১৭৪ শিক্ষার্থীকে ওষুধ খাওয়ানো হয়। তার মধ্যে ২৫ শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে সেখানে মেডিক্যাল টিম পাঠানো হয়।
তিনি বলেন, খালি পেটে কৃমির ওষুধ সেবন ও অসচেতনতার কারণে সাময়িক এ ধরনের সমস্যা দেখা দিয়েছে।এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

