নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠান হবে আগামীকাল ৪ মার্চ। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বৃহস্পতিবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এ আয়োজনের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সমাবর্তন সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
তিনি বলেন, সমাবর্তন দিবস শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ দিন। এ দিনটির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সমাবর্তন অনুষ্ঠানে তারা একাডেমিক সার্টিফিকেট ও পদক গ্রহণ করেন। স্বাধীনতাপূর্ব ও উত্তরকালে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বন্ধ ছিল। বর্তমানে আবার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের সংস্কৃতি চালু হয়েছে। এই সংস্কৃতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম উপস্থিত ছিলেন।
আগামী ৪ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান হবে। ৫০তম সমাবর্তনে ১৭ হাজার ৮৭৫ জন গ্র্যাজুয়েট অংশ নেবেন। অনুষ্ঠানে ৮০ জন কৃতী শিক্ষক ও শিক্ষার্থীকে ৯৪টি স্বর্ণপদক, ৬১ জনকে পিএইচডি এবং ৪৩ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে।

