স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সোমবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। আগেই জানা গিয়েছিল ইনজুরিতে পড়েছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
এবার জানা গেল ম্যাথুসের অবর্তমানে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টেস্ট দলকে নেতৃত্ব দিবেন রঙ্গনা হেরাথ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন হেরাথ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল লঙ্কানরা।
হেরাথ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের সবচেয়ে কার্যকরী বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলকে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে তিনি নায়ক বনে যান। অস্ট্রেলিয়ার বাঘা বাঘা ব্যাটসম্যানদের তিন টেস্টেই নাস্তানাবুদ করেন হেরাথ। তার ঘূর্ণি জাদুতে কুপোকাত হয় অস্ট্রেলিয়া দল। তিন ম্যাচের সেই টেস্ট সিরিজে ২৮টি উইকেট নিয়েছিলেন হেরাথ। যা তিন ম্যাচ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির।
অস্ট্রেলিয়ার বিপক্ষের পারফরম্যান্স তিনি জিম্বাবুয়ের বিপক্ষেও অব্যাহত রাখেন। ২ ম্যাচ টেস্ট সিরিজে তিনি নেন ১৯ উইকেট। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি।
তবে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন হেরাথ। তার ঝুলিতে বর্তমানে ৩৫৭টি উইকেট রয়েছে। মুরালিধরন নিয়েছিলেন ৮০০ উইকেট। ২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।

