বিনোদন ডেস্ক : গ্রামের দুরন্ত কিশোরী মিতা। নিজের প্রতি যার কোনো খেয়াল নেই। নাটাই আর ঘুড়ি তার ভীষণ পছন্দ। তাই ছেলে-মেয়েদের সঙ্গে গ্রামের মেঠো পথ, বিল ও নদীর পাড়ে ঘুড়ি উড়িয়ে বেড়ায়। যদিও ঘুড়ি উড়ানো মিতার বাবার পছন্দ নয়, তবু এটা নিয়েই মেতে থাকে সে। এভাবে চলতে চলতে মিতা জানতে পারে তার মাও বিয়ের আগে মিতার মতোই ঘুড়ি উড়িয়ে বেড়াত। বিয়ের পর সামাজিক পরিস্থিতির কারণে মিতার মা তা আর করতে পারে না।
এদিকে হঠাৎ মিতার বিয়ের কথা উঠে। কিন্তু মিতা বাল্যবিবাহতে রাজি হয় না। তবে সামাজিক পরিস্থিতি মিতাকে বিয়ে করতে বাধ্য করে। তারপর মিতার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘুড়ি’।
এতে মিতা চরিত্রে অভিনয় করেছেন মডেল পিউ আফরিন। এ ছাড়া আরো অভিনয় করেছেন, নজরুল ইসলাম তোফা, সাবেরা ইয়াসমীন সীমা, আফরিন খাতুন, শিশুশিল্পী তিথি। ড্রিম মেকিং প্রডাকশনের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদা সুলতানা শুচি। এর মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখালেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদা। পরিচালনার পাশাপাশি পোশাক পরিকল্পনা ও শিল্প নির্দেশনাও দিয়েছেন তিনি।
নাহিদা সুলতানা শুচি বলেন, ‘এটা আমার প্রথম কাজ। কাজটি গুণগত মান ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার এ কাজে সহায়তা করেছেন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন ভাই। কৃতজ্ঞতা জানাই শাহারিয়ার চয়ন ভাইয়ের কাছেও। এ চলচ্চিত্রটি সবার ভালো লাগবে বলে আশা প্রকাশ করছি। সবার কাছে দোয়া প্রার্থনা করি।’
এ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, রাজীব রাজ। চিত্রগ্রহণে সাঈদ খান আফ্রিদী। স্থিরচিত্র গ্রহণে সালমাউন হোসেন। রূপসজ্জায় সাইদুল ইসলাম সম্রাট। রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রাম ও পদ্মা নদীর চরসহ বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়নের কাজ হয়েছে।

