গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকা থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যমানের জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্পসহ দুই ব্যক্তিকে আটক করেছেন র্যাব সদস্যরা।
শনিবার সন্ধ্যায় র্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো- কুড়িগ্রামের রৌমারী থানার লালকুড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৮) ও তার সহযোগী গাইবান্ধার ফুলছড়ি থানার আগলারচর এলাকার আব্দুল আউয়ালের ছেলে আইয়ুব আলী (৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল দুপুর সোয়া ১২টার দিকে মোগরখাল এলাকার জনৈক গিয়াস উদ্দিনের বসতঘর অভিযান চালায়। অভিযানের সময় ঘর তল্লাশি করে (১০ টাকা মূল্যমানের) ১ লাখ ৪৮ হাজার টাকার জাল রাজস্ব স্ট্যাম্প এবং (৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের) ১ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্পসহ হাতেনাতে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, দীর্ঘদিন যাবত তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প বিক্রয় করে আসছিল।

