নিজস্ব প্রতিবেদক : ভারত সফর শেষে গতকাল দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ পিএসএলে অংশ নিতে ভারত থেকেই দুবাইয়ে গেছেন।
আজ সাকিব আল হাসানের যাওয়ার কথা রয়েছে। মুশফিকুর রহিম এখনও ভারতে আছেন। সামনেই শ্রীলঙ্কা সফর। গতকাল থেকে শুরু করে ১০ দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। তবে সব ক্রিকেটার ছুটিতে যাচ্ছেন না। টিম ম্যানেজম্যান্টের অনুমতি পেয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে অংশ নিতে যাচ্ছেন সাত ক্রিকেটার। বিশ্রামে থাকবেন সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
মাঠে নামবেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মুমিনুল হক, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, কামরুল ইসলাম রাব্বী। বিসিএলের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন কামরুল ইসলাম রাব্বি। এবারই প্রথম ওয়ালটন শিবিরে যোগ দিচ্ছেন এই পেসার। ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যানেজার মিলটন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলবেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। ইমরুলের পরিবর্তে ভারতে যাওয়ার আগে প্রাইম ব্যাংকের হয়ে প্রথম দুই রাউন্ডের ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। ইসলামী ব্যাংকেই ফিরছেন লিটন কুমার দাস ও মুমিনুল হক। লিটন বিসিএলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। বিসিবি নর্থ জোনের হয়ে খেলবেন শফিউল ইসলাম, শুভাশিস রায়। ভারতে যাওয়ার আগে সাউথ জোনের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন শফিউল।
আগামী ১৯ ফেব্রুয়ারি বিসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচ শুরু হবে। ২৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরের ক্যাম্প শুরু করবে জাতীয় ক্রিকেট দল। এর আগে ২১ ফেব্রুয়ারি দল ঘোষণার কথা রয়েছে।

