আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দাতব্য সংস্থা রেড ক্রসের ছয় কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরের প্রদেশ জওজানে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে, সম্প্রতি তুষারঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছিল রেড ক্রস কর্মীরা।
প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বুধবার বিবিসি জানিয়েছে, রেড ক্রসের কর্মীদের কুশ তেপা এলাকায় গুলি করে হত্যা করা হয়। আরো দুই কর্মী এখনো নিখোঁজ রয়েছে। তাদেরকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক রেড ক্রস কর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কারা তাদের হত্যা করেছে তা জানাতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইসলামিক স্টেটের যোদ্ধাদের কাজ। তবে কোনো গোষ্ঠীই এ ঘটনার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় রয়েছে ইসলামিক স্টেট। দেশটির পূর্বাঞ্চলে ও রাজধানী কাবুলে বেশ কয়েকটি হামলার দায় তারা স্বীকার করেছে। আবার এর আগে তালেবান যোদ্ধারাও বেশ কয়েকবার রেড ক্রস কর্মীদের ওপর হামলা চালিয়েছে। ২০১৩ সালে জালালাবাদে রেড ক্রসের কার্যালয়ে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

