স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে রুবেল হোসেন। দ্বিতীয় ইনিংসে আব্দুর রাজ্জাক। দুই অভিজ্ঞ বোলারের পারফরম্যান্সে বিধ্বস্ত ইসলামী ব্যাংক ইষ্ট জোন। বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক। এক ইনিংস ও ৪৪ রানে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী প্রাইম ব্যাংক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক সবকটি উইকেট হারিয়ে ৪০৩ রান সংগ্রহ করে। জবাবে প্রথম ইনিংসে রুবেলের ৫ উইকেটে ১৪৪ রানে গুটিয়ে যায় ইসলামী ব্যাংক। ফলো অনে নেমে দ্বিতীয় ইনিংসেও ফ্লপ ইসলামী ব্যাংক। এবার অবশ্য ২১৫ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় তারা। বল হাতে ৬ উইকেট নেন স্পিনার আব্দুর রাজ্জাক। ম্যাচসেরার পুরস্কারও উঠে বাঁহাতি এ স্পিনারের হাতে।
পরাজয়ের দ্বারপ্রান্তে থেকেই সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে ইষ্ট জোন। ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর ছিল ৭৪। দিনের শুরুতেই আব্দুর রাজ্জাক প্রতিপক্ষ শিবিরে আঘাত করেন। শাহানুর রহমান ৭ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। তবে সপ্তম উইকেটে ৩৯ রানের জুটি গড়ে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেন অলোক কাপালি ও আবুল হাসান। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে অলোককে আউট করে এ প্রতিরোধ ভাঙেন সোহাগ গাজী। ১২১ বলে ৭ বাউন্ডারিতে ৪৮ রান করে আউট হন ডানহাতি এ ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতির পর ইসলামী ব্যাংকের ইনিস একাই টেনে নেন আবুল হাসান। ৬৪ রান করেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তাকে আউটের পর বেশিক্ষণ টিকেটি ইসলামী ব্যাংকের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে রাজ্জাকের বলে আউট হন ২৬ রান করা সাকলায়েন সজীব।
২৮তম বারের মত ৫ বা তার বেশি উইকেটের স্বাদ নেন রাজ্জাক। দ্যূতি ছড়িয়ে ২ উইকেট নেন সোহাগ গাজী। রুবেল হোসেন নেন ১ উইকেট। মুস্তাফিজুর রহমান প্রথম ইনিংসে ২ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ছিলেন উইকেটশূণ্য।
প্রথম রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনকে হারালেও দ্বিতীয় রাউন্ডে ধরাশয়ী ইসলামী ব্যাংক। অন্যদিকে প্রথম রাউন্ডে ড্রয়ের পর এবার দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিল বিসিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।

