রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজশাহীতে আসছেন।
রুয়েটের সমবর্তন অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করছে রুয়েট কর্তৃপক্ষ।
ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে রুয়েট কর্তৃপক্ষ।
রুয়েট কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যেই এই সমাবর্তন অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকভাবে আয়োজনের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগের নেতৃত্বে বিভিন্ন কমিটি প্রস্তুতিমূলক সকল কাজ সম্পন্ন করেছে। রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবন রং, সাজসজ্জাকরণ ও পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ জানিয়েছেন, সমাবর্তন প্রস্তুতির সব কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন।
রাজশাহী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপরের নির্দেশ অনুযায়ি নিরাপত্তা জনিত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

