বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রাভিনেত্রী আর্শিনা প্রিয়া। তিনি শুধু অভিনেত্রী নন, একজন কোরিওগ্রাফার ও সংগীতশিল্পী। বাংলাদেশের মেয়ে হলেও পেশাগত কারণে কানাডার টরেন্টোতে বসবাস করেন তিনি। সুযোগ পেলেই ছুটে আসেন বাংলাদেশে। এবার এ শিল্পীর একক অ্যালবাম ‘এপি’ ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ সঞ্জীব দে, চলচ্চিত্র প্রযোজক ও সাবেক জেল সুপার ফরমান আলী, জাজ মাল্টিমিডিয়ার সিও আলিমুল্লাহ খোকন, বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান ও সংগীত পরিচালক মুশফিক লিটু, বেলাল খান, আহমেদ হুমায়ূনসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে অপু।
এর আগে আর্শিনা প্রিয়া বিভিন্ন মিক্সড অ্যালবামে কণ্ঠ দিলেও এবারই প্রথম একক অ্যালবাম প্রকাশ করলেন তিনি। এই অ্যালবামে রয়েছে মোট সাতটি গান। গানগুলোর কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম, রবিউল ইসলাম জীবন, মেহেদি হাসান লিমন। সুর করেছেন মুশফিক লিটু, বেলাল খান, আহমেদ হুমায়ূন, প্রতীক হাসান।
‘এপি’র টাইটেল ‘আমি এক রূপকুমারী আর্শিনা পিয়া’শিরোনামের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বিগ বাজেটের এ মিউজিক ভিডিওতে পিয়ার বিপরীতে দেখা যাবে আলোচিত মডেল ও চিত্রনায়ক সাঞ্জু জনকে। এতে আরো দেখা যাবে ঈগল ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পীকে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায়। এ গানের কোরিওগ্রাফি করেছেন আর্শিনা।
এ ছাড়া নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায় ‘পিচকারী’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে প্রশংসিত হন আর্শিনা। তাছাড়া মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্নছোয়া’ সিনেমায়ও অভিনয় করেছেন আর্শিনা।

