বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মৌমিতা মৌ। তার অভিনীত কয়েকটি সিনেমা ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়া কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ‘গোপন সংকেত’ শিরোনামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
তাজুল ইসলাম পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগত চিত্রনায়ক সিয়াম খান। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ ও সিয়াম খান। এমনটাই জানান সিনেমাটির পরিচালক তাজুল ইসলাম।
মৌমিতা-সিয়াম ছাড়াও এ সিনেমায় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত আলভিরা ইমুকে দেখা যাবে। বাপ্পি-আলভিরা ইমু অনেক আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘গোপন সংকেত’ সিনেমাটির গল্প অনেক আগেই লেখা হয়েছে। শুটিংয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। ফ্রেব্রুয়ারি ১০ তারিখ থেকে বিএফডিসিতে শুটিং শুরু করব। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন করব।’
ছটকু আহমেদের লেখা গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। ঢাকা, চট্টগ্রাম এবং নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্যায়নের কাজ করা হবে। এতে মোট পাঁচটি গান থাকবে। এরমধ্যে একটি আইটেম গানও থাকবে। একটি গানের রেকর্ডিং হয়েছে। বাকি গানগুলোও খুব শিগগিরই রেকর্ডিং হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
নবাগত সিয়াম চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডলের হাত ধরে রুপালি জগতে পা রাখেন। এ পরিচালকের ‘আপন মানুষ’ শিরোনামের সিনেমায় প্রথম অভিনয় করেন সিয়াম। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে।

