ময়মনসিংহ প্রতিনিধি : আগামীকাল মঙ্গলবার থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হোস্টেল চালু ও সকল ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিন্সিপাল প্রফেসর ডা. আনোয়ার হোসেন ও উপাধ্যক্ষ ডা. প্রফেসর আনম ফজলুল হক পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম নামে পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও তিন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় কর্তৃপক্ষ কলেজ খোলা রেখে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে বিদেশি, ফাইনাল পরীক্ষার্থী ও পোস্ট গ্রাজুয়েটদের ছাড়া বাকি ছাত্রছাত্রীদের হলত্যাগের নির্দেশ দিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, এম-৫৩ ব্যাচের এক ছাত্রীর সঙ্গে একই ব্যাচের অনুপম দত্ত অর্ঘ, আখি মোস্তফা হিমেল ও এম-৫১ ব্যাচের নিয়ামূল হক সিয়ামসহ কয়েক জনের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল। কিন্তু এম-৫০ ব্যাচের ছাত্র শহিদুল ইসলাম ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এর জের ধরে শহরের বাঘমারাস্থ ছাত্রাবাসে শহিদুল ইসলামের ওপর হামলা চালান অনুপম দত্ত অর্ঘ, আখি মোস্তফা হিমেল ও নিয়ামূল হক সিয়াম।
এ ঘটনায় কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা. সাইফুল বারীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে শহিদুলের ওপর হামলাকারী অনুপম দত্ত অর্ঘ, আখি মোস্তফা হিমেল ও নিয়ামূল হক সিয়ামকে এক বছরের জন্য বহিষ্কার করেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। পরে কলেজ খোলা রেখে ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে বিদেশি, ফাইনাল ও পোস্ট গ্র্যাজুয়েটদের ছাড়া বাকী ছাত্র-ছাত্রীদের হলত্যাগের নির্দেশ প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।

