বিনোদন ডেস্ক : ফ্যাশন ডিজাইনিং-এর ছাত্র শিমুল খান, ১৯৯৭ সালে পেশাদার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। শুরুতেই খ্যাতনামা ফ্যাশন হাউজগুলোর সঙ্গে কাজ করে, সমবয়সী অনেককেই পেছনে ফেলে দেন তিনি। কিন্তু যার মধ্যে অভিনেতা হবার সুপ্ত বাসনা বিদ্যমান, তাকে কি র্যাম্পের ঝলমলে মঞ্চে আটকে রাখা সম্ভব?
উত্তরে শিমুল খান বলেন, ‘অভিনয় করার জন্যে ২০১০ সালে আমি মডেলিং ছেড়ে দেই, তারপর টানা দুই বছর বেশ কয়েকটি নাটকে অভিনয় করে অভিজ্ঞতা পর্বটা শেষ করি।’
২০১২ সাল, ইফতেখার চৌধুরী তার ‘দেহরক্ষী’ ছবির কাজ শুরু করেন। আর সেখানেই ভিলেন চরিত্রে অভিনয়ের জন্যে ডাক পড়ে শিমুল খানের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যার প্রমাণ মাত্র দেড় বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা, কিছু ভালোবাসা’, অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম টু’, এডাম দৌলার ‘বৈষম্য’।
এদিকে চলতি বছর ছয়টি ছবির শ্যুটিং শেষ করেছেন শিমুল খান। এগুলো হলো বাপ্পারাজের ‘কার্তুজ’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইটিশ পিটিশ প্রেম’, রিকিয়া মাসুদের ‘দ্য স্টোরি অব সামারা’, সৈকত নাসিরের ‘দেশা : দ্য লিডার’ ও সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’। এছাড়া হাতে রয়েছে প্রায় অর্ধ ডজন ছবিতে অভিনয়ের প্রস্তাব। বেশির ভাগ ছবিতেই তাকে নেতিবাচক চরিত্রে নিয়ে আগ্রহী পরিচালকরা।
কিন্তু অভিনেতা হবার আজন্ম স্বপ্ন যার, তিনি কি স্রোতের জলে গা ভাসাতে পারেন? এ সম্পর্কে শিমুল খান বলেন, ‘আমি ভিলেন নয়, অভিনেতা হতে চাই। তার মানে আমি কিন্তু নাচে গানে ভরপুর কোন ছবির নায়ক হতে চাই না। বরং অভিনয়ের বৈচিত্র্যপূর্ণ রূপটা দেখতে চাই।’
শুধু অভিনয়ের মধ্যে নিজেকে আটকে রাখেননি শিমুল খান। প্রায়ই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চলচ্চিত্র অঙ্গনের ভালোমন্দ নিয়ে লিখে থাকেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধীরে ধীরে আমাদের চলচ্চিত্রের উন্নতি ঘটছে। এই ধারাকে অব্যাহত রাখতে হলে, চলচ্চিত্রের ভালোমন্দ নিয়ে আলোচনা প্রয়োজন। যার উত্তম স্থান ফেসবুক। এখানে আমি বন্ধুবান্ধব থেকে শুরু করে ভক্তদের মনেরভাবটা বুঝতে পারি।’
১৯৯৪ সালে হলিউডে মুক্তি পায় ‘ফরেস্ট গাম্প’ ছবিটি। যেখানে অভিনেতা টম হ্যাঙ্কস এর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির এই ভিলেন। তাই যখনই স্বপ্নের চরিত্র সম্পর্কে জানতে চাইলাম তিনি বললেন, ‘ফরেস্ট গাম্প’ ছবিতে টম হ্যাঙ্কস যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন আমিও সে ধরনের চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি।’
আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ ছবির শ্যুটিং। এই ছবিতে অভিনয়ের জন্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন তিনি। কারণ পরিচালক তাকে নতুন রূপ দিতে চান। এ লক্ষ্যে নিয়মিত জিমেও দৌঁড়াতে হচ্ছে তাকে।
এদিকে রুবেল আনুশ পরিচালিত নিষিদ্ধ ‘প্রেমের গল্প’ ছবিতে চিত্রনায়িকা শিমলার বিপরীতে শিমুল খানকে নায়ক হিসেবে দেখা যাবে। এছাড়া নির্মাতা তারকে মাহমুদের ‘চটপটি’ নামে একটি ছবিতেও নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
উল্লেখ্য, অভিনেতা শিমুল খান বর্তমানে মারুফ হোসেন আরমানের পরিচালনায় ‘নেকড়ে অরণ্য’, হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’, শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ নামে তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রই এখন তার ধ্যান জ্ঞান। তাই ঢাকাইয়া ছবির ভিলেন হিসেবে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিতে চান। আর সে পথেই হাঁটছেন শিমুল।

